চাঁদপুরের হাজীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সুলতান হাজী বাড়ি থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। তবে জব্দকৃত ট্যাবলেটগুলো ইয়াবা সদৃশ্য হওয়ায় তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার মৃত আলী আরশাদের ছেলে হাড্ডি লিটন (৫৫), ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার মৃত মিলন বেপারীর ছেলে সাগর হোসেন শাহাদাত (৩৫), হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার চাপরান খরাচিপাড়া এলাকার আকতার হোসেন ফারুকের স্ত্রী ইয়াসমিন আক্তার (২১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সুলতান হাজী বাড়ির জাকির হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় ওই বসতঘর থেকে ১৫ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট সদৃশ্য বস্তু ও ৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।
![]()