নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার ৮ অক্টোবর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় আজ ৮ অক্টোবর বুধবার সকাল ৮ টায় চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনে মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হতে প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ইলিশ মাছ ও ২টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ১ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট ও জব্দকৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত বোট চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট ও আটককৃত ১৬ জন জেলেকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
![]()