আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

 

আরেফিন সুমন :

চাঁদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি নির্বাচন, যানজট দূরীকরণ, বালু মহল, মাদক, ইসলামী ওয়াজ মাহফিল, সদ্য বিগত দূর্গাপূজাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসয় জেলা প্রশাসক বলেন, আমি বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাই। সবাই শহরের যানজটসহ মন্দিরকে রক্ষনাবেক্ষন করে অসাম্প্রদায়িকতার এক অন্যন্য নজির স্থাপন করেছেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক অসহিষ্ণু ঘটনা দেখতে পেয়েছি। কিন্তু চাঁদপুরে সে রকম কিছু দেখতে বা শুনতে পাইনি। বিশেষ করে জেলা বিএনপিকে অনেক ধন্যবাদ যে তারা প্রশাসনকে অনেক সহযোগিতা করেছেন। যানজট নির্মুলে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। গত পূজায় চাঁদপুরে খুব একটা যানজট ছিল না।
এ প্রসঙ্গে আমি বলবো আমরা বেসরকারিভাবে উদ্যেগ নিয়ে যানজট নির্মূল করতে পারছি। তাহলে আমাদের প্রশাসন কেন পারবে না। চাঁদপুর জেলা শহর খুবই ছোট। আমি এ বিষয়ে পুলিশ সুপারকে দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ করছি। জনমনে যেন সে নিয়ে কোন প্রশ্ন না ওঠে। নির্বাচন সন্নিকটে। এখন কেউ কেউ পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা করবে। সেনাবাহিনীসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে এ নিয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। দেশিয় অস্ত্র নিয়ে অনেকেই মাঠে নামতে পারে। তাই আমি রাজনৈতিক দলগুলোকেও বলছি, আপনারা আমাকে তথ্য দেন। নিজের দলেও যদি বিশৃঙ্খলাকারী কেউ থাকে আপনারা অবিলম্বে ব্যবস্থা নেন। আর আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাগুলোতে চেক পোস্টের ব্যবস্থা করেন। আসন্ন নির্বাচনে কোনো অপশক্তি যেন মাথা তুলতে না পারে। নির্বাচনের জন্য সকল পৌরসভার বা বিভিন্ন রাস্তাঘাট ইউএনও এবং পৌরসভার প্রশাসকগণ এলজিইডির সাথে সমন্বয় করে সংস্কার করবেন।

বালুমহল প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দু’ পাশে দুটি জেলার নৌ সীমানা রয়েছে অনেক সময় প্রয়োজনে বালু উত্তোলন করা লাগে। কারণ এতে আমাদের মেঘনা নদীর নাব্যতা বাড়ে। আমি ইলিশ প্রাপ্তির ক্ষেত্রে ডুবোচর গুলির কথা এর আগেও বলেছি। এই ডুবোচরের কারণে ইলিশের বিচরণক্ষেত্র অথবা সাগর থেকে আমাদের এখানে ইলিশ ঢুকতে পারে না। এখানে প্রায় শতাধিক ডুবোচর আছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছি। তারা অচিরেই পদক্ষেপ নিবে বলে আমাকে আশা দিয়েছে। বালু উত্তোলনের ক্ষেত্রে দেখবেন যাতে কৃষি জমি, বসত বাড়ি, বাজার এসব যেন ক্ষতিগ্রস্ত না হয়। সরকারি বিধি মোতাবেক যাতে বালু উত্তোলন হয়।

তিনি বলেন, সামনে শীতকালে ওয়াজ মাহফিলের সময় আসতেছে। আপনারা কোনো মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। আমি দেখেছি অনেকের কথায় নেতিবাচক আলোচনা শুরু হচ্ছে। আমি বলবো আপনারা যেই আলেমকে দাওয়াত করবেন সে যাতে কোরআন হাদীসের আলোকে কথা বলেন। আমাদের জেলা জামায়াতের আমীর বলেছেন সবকিছুই ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। আমিও সেটা বিশ্বাস করতে চাই। আপনারা ফেসবুকের গুজব থেকে সতর্ক থাকবেন। এটাকে কেন্দ্র করে আপনারাও যারা রাজনীতি করেন তাদেরকে বলবো আপনারা সুস্থ, সুন্দর, প্রতিযোগিতামূলক এবং সহনশীলতার পরিচয় দিবেন।

তিনি আরও বলেন, আমাদের মোলহেটা সুন্দর একটি জায়গা। এখানে কেউ যাতে অযাচিতভাবে স্থাপনা না করেন। যত্রতত্র যাতে গাড়ি পার্ক করা না হয়। আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের এ ব্যপারে দৃষ্টি আকর্ষন করছি। এছাড়া মাদকের অভিযান বাড়াতে মাদক নিয়ন্ত্রণ কাজ করছে। কিশোর গ্যাং এখন অনেকটাই কম। তারপরও আপনারা খেয়াল রাখবেন এরা যাতে নতুন করে মাথাচাড়া না দেয়। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আমি রাজনৈতিকদল সহ সব শ্রেণী পেশার মানুষকে আমি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর জেলা ক্যাম্পের ক্যাপটেন মো: আশিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের আমীর বিল্লাল মিয়াঁজী, গণপরিষদের আহবায়ক কাজী রাসেল, নাগরিক পার্টির সমন্বয়ক মো: মাহবুব আলম, কোস্টগার্ডের চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবর রহমান প্রমুখ।
জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এস এন জামিউল হিকমা, এনএসআইয়ের উপ পরিচালক মো: আবু আব্দুল্লাহ, সহকারি কমিশনার (জেএম) বিশাল দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহা. মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো: রুহুল্লাহ, আনসার ও ভিডিপির স্টেশন কমান্ডার শাহজালাল ছোয়াদ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মো: মাহবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

Loading

শেয়ার করুন: