হাসান মাহমুদ :
চলমান বার্ষিক পরীক্ষা বর্জন করে চাঁদপুরের হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের কিছু সহকারী শিক্ষক কর্মবিরতি পালন করছেন। বেতন ভাতা দশম গ্রেড, সহকারী শিক্ষকদের পদোন্নতি ও ছয় থেকে দশ বছর পর পর গ্রেড পরিবর্তন এই তিনটি দাবী আদায়ের লক্ষ্যে এই কর্মবিরতি পালন করছে।
তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। সেজন্য হাজীগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলমান রয়েছে।
বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রসুল ও বড়কুল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসাইন বলেন উপজেলা শিক্ষা অফিসার আমাদেরকে বলেছেন সহকারী শিক্ষক অনুপস্থিত থাকলে দপ্তরি ও অভিভাবক দিয়ে পরীক্ষা চালিয়ে নিবেন। সে নির্দশনা অনুযায়ী পরীক্ষা চলছে।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন চৌধুরী বলেন দাবী আদায়ের জন্য কিছু শিক্ষক কর্মবিরতি পালন করছে, পরীক্ষাও চলমান রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান বলেন, আমি আজ সারাদিন বিদ্যালয় পরিদর্শনে ছিলাম। কিছু শিক্ষক কর্মবিরতিতে রয়েছে। কিন্তু কোথাও পরীক্ষা বন্ধ হয় নাই। দপ্তরি ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা চলছে।
![]()