হাসান মাহমুদ :
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনিত প্রার্থী মো. মাহবুব আলমের আয়োজনে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আগ্রাসন বিরোধী এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এদিন হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে পদযাত্রাটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় শহীদ আজাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাহবুব আলমসহ এনসিপির নেতৃবৃন্দ। এরপর হাদী ও জুলাই আন্দোলন’সহ দেশের সকল শহীদের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে মো. মাহবুব আলম বলেন, শেখ হাসিনার মতো খুনিদের ভারত আশ্রয় দিয়েছে। সবশেষ হাদীর হত্যাকারীরা ভারতে অবস্থান নিয়েছে। এটি আমরা মেনে নিতে পারবো। আমরা চাই, ভারত খুনিদের দেশে ফিরিয়ে দিক। শেখ হাসিনার যেই বিচারের রায় হয়েছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।
তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আগামির রাজনীতি হবে দুর্র্ণীতি, হানাহানি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত। আমি যদি দশ ভোটও পাই, তাতে কোন সমস্যা নেই। আমি স্বপ্নের যাত্রা শুরু করে দিয়েছি। এই যাত্রা আগামি দিনে তরুণদের সংসদে নিয়ে যাবে। এরজন্য যদি আমাদের জীবন দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি।
মাহবুব আলম বলেন, হাদীসহ আমাদেরকে অনেকে বলেছেন, আপনারা-তো এমপি হতে পারবেন না। কিন্তু আমি তাদেরকে বলে দিতে চাই, আমরা তারুণ্যের অগ্রযাত্রা শুরু করে দিয়েছে। যাতে করে আগামি দিনে কৃষক ও চাষার ছেলেরাও জনপ্রতিনিধি হতে পারবে। কালো টাকা ধারীরা রাজনীতি করবে, এমপি নির্বাচন করবে। সেই ধারা ভেঙ্গে দিতে আমি ও আমরা এসেছি।
এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুব আলম, চাঁদপুর পৌরসভার আহবায়ক শাহআলম মিজি, শাহরাস্তি উপজেলার সমন্বয়ক আমান উল্যাহ পাটওয়ারী, কচুয়ার উপজেলার যুগ্ম সমন্বয়ককারী তোফাজ্জল হোসেন পলাশ, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক এ্যাড. আব্দুল জব্বার, জাতীয় শ্রমিক শক্তির জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমুখ।
![]()