দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রায় দিন: শাহজাহান মিয়া

 

গাজী মাজহারুল ইসলাম :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, “দাঁড়িপাল্লার কাছে হাইমচরের প্রতিটি ভোটার নিরাপদ। আমরা এমন এক চাঁদপুর-৩ আসন ও হাইমচর গড়তে চাই যেখানে রাজনৈতিক হিংসা, ভেদাভেদ বা কোনো মিথ্যা মামলা থাকবে না। ছাত্র-জনতার বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগণকে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ উপহার দেব।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামে মহিলাদের সঙ্গে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিন তিনি চরভৈরবী, দুর্গাপুর দক্ষিণ ও উত্তর আলগী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেন।
বিকেলে হাইমচরের তেলিরমোড় বাজারে আয়োজিত এক সমাবেশে শাহজাহান মিয়া বলেন, “দেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে যে, দুর্নীতিবাজদের পাশে জনগণ নেই। তরুণ সমাজ আজ পরিবর্তন, সুশাসন ও ন্যায়বিচার চায়। ভোটারদের ব্যাপক সাড়া দেখে বোঝা যাচ্ছে, আগামী ১২ তারিখ এ দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।”
তিনি আরও যোগ করেন, “দীর্ঘদিন যারা ক্ষমতার অপব্যবহার করে দেশের সম্পদ লুট করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। দাঁড়িপাল্লা হলো ইনসাফ ও সততার প্রতীক। এই প্রতীকের বিজয়েই ১১ দলীয় জোট সরকার গঠন করবে এবং জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান করা হবে।”
গণসংযোগ ও পথসভায় শাহজাহান মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াত আমীর মাওলানা আবুল হোসেন, সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, গুলিস্তান জামায়াত (পল্টন থানা) সহকারী সেক্রেটারি সুলতান সরদার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী মকবুল হোসেন মকবুল, উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা আলী আকবর, উপজেলা যুব বিভাগ সভাপতি সালাহউদ্দিন রুমী।
এছাড়াও ৩নং দক্ষিণ আলগী, ২নং উত্তর আলগী ও ৬নং চরভৈরবী ইউনিয়ন জামায়াতের আমীর ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেন। বক্তারা ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিকেল তিনটায় উপজেলার কাটাখালি বাজারে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন করেন এডভোকেট শাহজাহান মিয়া।

 

 

Loading

শেয়ার করুন: