শাহরাস্তি -হাজীগঞ্জে ৫৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

 

হাসান মাহমুদ

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে মোট ১৫৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জে ৯০টি কেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। শাহরাস্তিতে ৬৮টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)।

চাঁদপুর-৫ আসনে দুই উপজেলায় মোট ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫৯ টি। তার মধ্যে সকল প্রার্থীর বাড়ী হাজীগঞ্জে হওয়ায় ৫৯টি কেন্দ্রের মধ্যে হাজীগঞ্জে ৪৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চি‎িহ্নত করেছে প্রশাসন। বাকি কেন্দ্রগুলো কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত রয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচন ও নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তারা। ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিচ্ছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টিম কেন্দ্রগুলো পরিদর্শন ও টহলে রয়েছে। এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৫ আসনে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনী মাঠ ও পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

চাঁদপুর-৫ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করেন। তারা হলেন বিএনপির প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, জামায়াত ঐক্যজোটের প্রার্থী মো. নেয়ামুল বশির, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী পাটওয়ারী, জাতীয় পার্টির প্রার্থী মির্জা গিয়াস উদ্দীন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. মাহমুদ হাসান নয়ন ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া।

এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া পোস্টাল ভোটে তার মার্কা ফুটবল না থাকায় নির্বাচন কমিশনে এ আসনের নির্বাচন স্থগিত রাখার আবেদন করেন এবং প্রেস বিফিং এর মাধ্যমে নির্বাচন বর্জন করে নির্বাচন থেকে সরে দাড়ান।

বর্তমানে মাঠে ৬ জন প্রার্থী রয়েছেন। এদর মধ্যে বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জি. মমিনুল হক ও ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির মো. নেয়ামুল বশিরের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে। তবে এ আসনে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক বিজয়ের দৌড়ে অনেকটায় এগিয়ে রয়েছেন বলে ভোটারদের ধারণা।

নির্বাচনে এ আসনের ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার বলেন প্রত্যেক কেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা রয়েছে। যেকোন ঘটনায় প্রশাসনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবেলা করবে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন চাঁদপুর-৫ আসনের হাজীগঞ্জ-শাহরাস্তি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আমরা প্রতি কেন্দ্রে প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম পৌঁছে দিয়েছি এবং আমাদের টিম যেকোন ঘটনা এড়াতে সচেষ্ট থাকবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন চাঁদপুর জেলার ৫টি আসনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যেকের ভোট প্রত্যেকে দেওয়ার নিশ্চয়তা প্রদান করছি। যে কেউ কোনরকম কেন্দ্র দখল বা হট্টগোল করার চেষ্টা করলে আমরা কঠোর হাতে দমন করব। প্রশাসনের সকল টিম শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য ভোটারদের পাশে থাকবে।

Loading

শেয়ার করুন: