নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের কচুয়ায় সেহেরীর সময় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোররাতে কচুয়ার ৭নং দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বকাউল বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।
দগ্ধরা হলেন, ওই গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (৩০), দেবর মাহমুদুল হাসান (৩৬) ও জা- শিউলি আক্তার (৪০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুরের কচুয়া থেকে তিন জনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তন্মধ্যে খাদিজা আক্তারের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ দগ্ধ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয় বাকি দু’জনকে জরুরী বিভাগে অবজারভেসনে রাখা হয়েছে।
৭নং দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রেশাসক মোঃ শাহজাহান বলেন, তাদেরকে আমাদের পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
![]()