মাসুদ রানা ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের এক মিলনমেলায় পরিণত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে, বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মদ মানিক।
আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসেন এবং এনসিপি চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম।
এসময় শেখ ফরিদ আহম্মদ মানিক বলেন, “আমরা এমন একটি চাঁদপুর গড়ে তুলতে চাই যেখানে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মতভেদ থাকতে পারে, কিন্তু জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে আমরা সবাই একসাথে কাজ করবো। সবাই মিলে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চাঁদপুরকে একটি সুন্দর ও উন্নত জেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বিএনপি নেতা মুনির হোসেন চৌধুরী, আক্তার হোসেন মাঝী, ফেরদৌস আলম বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, হারুন আর রশিদ, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ জামায়াতের বিভিন্ন উপজেলা আমীর ও সেক্রেটারিগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোহাইল আহমাদ চিশতি। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আনম নুরুর রহমান মাদানী।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
![]()