স্টাফ রিপোটার :
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে “জেলা পর্যায়ে আইনি সহায়তার মাধ্যমে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ ) বিকেলে চাঁদপুরস্থ হোটেল রেডচিলিতে সুইজারল্যান্ড সরকারের অর্থায়ন ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় “স্ট্রেংথেন্ড অ্যান্ড ইনফরমড মাইগ্রেশন সিস্টেমস (ঝওগঝ)” প্রকল্পের “অ্যাক্সেস টু জাস্টিস” কার্যক্রমের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ ও চিফ লিগ্যাল এইড অফিসার মোঃ আব্দুল আলীম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ও পিপি অ্যাড. কুহিনুর বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল আহমেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ শফিকুর রহমান, প্রবাসী কল্যাণ সেন্টার চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ ফয়সাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, জেলা সমাজকল্যাণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম খান মন্টু, সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল।
অনুষ্ঠানে ঝওগঝ প্রকল্পের ম্যানেজার রাফাতুর রহমান রুবা প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়াও প্রকল্পের মাধ্যমে আইনি সেবা গ্রহণকারী তিনজন অভিবাসী কর্মী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অভিবাসী কর্মীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সচেতনতার অভাবে নানা সমস্যার সম্মুখীন হন। তাই তাদের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সকল নাগরিকের জন্য সরকারি লিগ্যাল এইড সেবা পাওয়ার অধিকার রয়েছে এবং অভিবাসী কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তারাও এই সেবা নিতে পারবেন। দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, প্যানেল আইনজীবী, সিসিডিএ চাঁদপুরের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাহতাব উদ্দিন, স্থানীয় সাংবাদিক, পুলিশ প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
![]()