স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জ্বালানী তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য কারসাজির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সতর্কতামূলক বার্তায় তিনি বলেন, চাঁদপুরের সাধারণ মানুষের দুর্ভোগকে পুঁজি করে একটি চক্র তেলের কৃত্রিম সংকট তৈরি করছে এবং মজুদদারি ও মূল্য কারসাজির মাধ্যমে অবৈধভাবে মুনাফা অর্জনের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি স্পষ্টভাবে জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, প্রতারণা বা বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। অবিলম্বে এসব অসাধু কার্যক্রম বন্ধ না করলে জড়িত ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় এমপি আরও বলেন, চাঁদপুরের মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় তিনি সর্বদা আপসহীন অবস্থানে রয়েছেন। জনগণের কষ্টকে পুঁজি করে কেউ ব্যবসা করার চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে এমপির এমন কড়া অবস্থানের পর জ্বালানী তেল বাজারে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সচেতন মহল।
![]()