বিক্রি হয়ে গেছে ‘ডোনাল্ড ট্রাম্প’

 

মেঘনা বার্তা ডেস্ক ॥

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল ব্যতিক্রমধর্মী এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির মালিক তার নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অদ্ভুত গায়ের রং ও মাথার সামনের সোনালি-লালচে চুলের কারণে ইতোমধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে শুধু একনজর দেখতে দূর-দূরান্ত থেকেও আসছেন।

খামার সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। বর্তমানে এর ওজন প্রায় ৭০০ কেজি। ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়েছে মহিষটি। আগামী সপ্তাহে সেটি নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে।

খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির গায়ের রং ও চুলের স্টাইল অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় মজার ছলে নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক পরিচিতি পায় মহিষটি।

তিনি বলেন, “মানুষ সাধারণত কালো মহিষ দেখে অভ্যস্ত। কিন্তু এই মহিষটির রং একেবারেই আলাদা। প্রথম দিন থেকেই সবাই অবাক হয়ে দেখেছে। পরে নামটা ভাইরাল হয়ে যাওয়ার পর খামারে মানুষের ভিড় আরও বেড়ে যায়।”
খামারের কর্মচারীরা জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’-এর জন্য বিশেষ খাদ্যতালিকা অনুসরণ করা হয়। প্রতিদিন ঘাস, ভুট্টা, ভুসিসহ প্রায় ১২ ধরনের উপাদান মিশিয়ে খাবার দেওয়া হয়। শান্ত স্বভাবের হওয়ায় দর্শনার্থীদের ভিড়েও মহিষটি অস্থির হয়ে ওঠে না।
রাখাল জুবায়ের বলেন, “খামারে আরও অনেক পশুর মজার নাম আছে। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হয়েছে ডোনাল্ড ট্রাম্প। অনেকে শুধু এটাকে দেখতেই আসে। ছোট বাচ্চারা খুব পছন্দ করে।”
খামার সংশ্লিষ্টরা বলছেন, ব্যতিক্রমী রংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমই মহিষটিকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে। ফেসবুক, টিকটক ও রিলস ভিডিওর মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর গল্প।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানান, এলবিনো প্রাণীর শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন ভিন্ন রং দেখা যায়। এ ধরনের প্রাণী তুলনামূলক কম হওয়ায় সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
তিনি আরও জানান, এবার নারায়ণগঞ্জ জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় ১ লাখ ৩ হাজার। এর বিপরীতে জেলার ৬ হাজার ৫৩৫টি খামারে প্রস্তুত রয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার পশু। অর্থাৎ চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু রয়েছে।

Loading

শেয়ার করুন: