শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

 

 

 

হাসান মাহমুদ ॥

চাঁদপুরের শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশনা দেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা পৌনে ৩টার দিকে তিনি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে নির্দেশনা দিয়েছেন।

এর আগে তিনি প্রায় সাড়ে তেরো কিলোমিটার দৈর্ঘ্যের ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচনের পর দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত শেষে খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে খালপাড়ে বৃক্ষরোপণ করেন তিনি।

এসময় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্থানীয় একজন কৃষক।

এদিকে খোর্দ্দ খাল পূনঃখনন শেষ করে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্ব খালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত। এরপর তিনি চাঁদপুরে ফ্যামিলি কার্ডের উদ্বোধন ও বিএনপির দলীয় সভায় যোগ দিবেন।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। কালের পরিক্রমায় খালটি দখল ও দূষণে ভরাট হয়ে যায়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৪৮ বছর পর সেই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।

Loading

শেয়ার করুন: