অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি : প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

কেএম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে মো. বিল্লাল হোসেনের বসতবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
ভুক্তভোগী বিল্লাল হোসেনের স্ত্রী মোসাম্মদ খুর্শিদা বেগম জানান, “আমার ছেলে প্রবাসে থাকে। মেয়েরা থাকে তাদের স্বামীর বাড়িতে। একমাত্র ছেলের বউ ছিল তার বাবার বাড়িতে। আমার স্বামী ঢাকাতে ছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১১টার দিকে খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত ২টা নাগাদ বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ডাকাতদল প্রবেশ করে। এসময় আমি ঘুম থেকে জাগ্রত হলে ডাকাত দলের সদস্যরা আমাকে মারধর করে ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে।”
থানায় অভিযোগের তথ্যমতে, ডাকাতদলের সদস্যরা ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, ২টি স্মার্টফোন, ১১টি বিদেশি কম্বল, কসমেটিক্সসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতদল চলে গেলে তার ডাকচিৎকারে প্রতিবেশিরা এসে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দেয়। ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতদল ডাকাতি করার সময় গ্রহস্ত দেখে ফেলায় তাকে মারধর করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
এদিকে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চুরি ও আসন্ন ঈদুল আজহাকেন্দ্রিক এ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Loading

শেয়ার করুন: