স্টাফ রিপোর্টার
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে জনসচেতনতামূলক সভা ও ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, এখানে যারা শিক্ষার্থী হিসেবে আমার কথা শুনতে এসেছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের চাঁদপুরের ভবিষ্যৎ। তোমাদের জন্য এই ভূমি মেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। আমাদের পূর্বপুরুষরা যে জমিজমা রেখে গেছেন, সেগুলোর অধিকাংশ দলিল ছিল এনালগ পদ্ধতিতে সংরক্ষিত। হাতে লেখা দলিল খুঁজতে গিয়ে দেখা যায় দলিল পাওয়া যায় না, দলিল পাওয়া গেলেও বিএস পাওয়া যায় না, বিএস পাওয়া গেলে আরএস পাওয়া যায় না, আবার আরএস পাওয়া গেলে সিএস পাওয়া যায় না।
তিনি আরো বলেন, পরিবারের সদস্যদের জিজ্ঞেস করলে দেখা যাবে, অনেকেরই জমি জমা নিয়ে মামলা-মোকদ্দমা চলছে। বর্তমান সরকার এমন একটি আধুনিক ও ডিজিটাল পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে সঠিকভাবে জমির মালিকানা নির্ধারণ করা হবে। যার জমি, সেই জমি ভোগ করতে পারবে এবং ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা অনেকাংশে কমে আসবে। সরকার থেকে নিশ্চিত করা হবে প্রকৃত মালিকানা। এতে কাগজপত্রের জটিলতা ও শত্রুতার অবসান হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দুই বছরের মধ্যে সারাদেশ এ কার্যক্রমের আওতায় চলে আসবে। বর্তমানে দেশের আটটি জেলায় এ প্রকল্প চলমান রয়েছে। তিনি চাঁদপুর জেলার সকল ভূমি মালিককে এসিল্যান্ড অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে তাদের জমিজমা ডিজিটাল পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় আগত সেবাগ্রহীতারা বিভিন্ন স্টল ঘুরে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান ও প্রয়োজনীয় তথ্য গ্রহণ করেন। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। মেলায় ১১টি ভূমিসেবা বিষয়ক স্টল স্থাপন করা হয়। এসব স্টলের মাধ্যমে সাধারণ জনগণকে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা গ্রহণসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়।
উল্লেখ্য, সারাদেশে একযোগে ভার্চুয়ালি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমি মেলার সমাপনী শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং কর প্রদানকারীদের মাঝে কর রশিদ তুলে দেন প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।
![]()