বাবুরহাট বাজারে জমে উঠেছে গরুর হাট

 

সাইম পাটওয়ারী ॥
বাবুরহাট বাজার-এ কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী গরুর হাট। চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে ক্রেতা ও বিক্রেতারা ভিড় করছেন এই হাটে। দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু নিয়ে বিক্রেতাদের উপস্থিতিতে হাটজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সকাল গড়াতেই হাটে বাড়তে থাকে মানুষের আনাগোনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় আরও বেড়ে যায়। ছোট, মাঝারি ও বড় আকারের গরু নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিক্রেতাদের। হাটজুড়ে চলছে দরদাম ও ক্রয়-বিক্রয়ের ব্যস্ততা।

গরু বিক্রেতা মোঃ জামাল হোসেন জানান, বাজার মোটামুটি আছে। তেমন বেশি না, আবার কমও না। ক্রেতারা আসে, গরু দেখে কিন্তু অনেকেই দাম শুনে চলে যায়।

অন্যদিকে ক্রেতা মোঃ আরফান মুন্সি বলেন, এই হাটে গরুর দাম তুলনামূলক বেশি। মালিকরা সহজে দাম ছাড়তে চায় না। অন্যান্য হাটের চেয়ে এখানে দাম একটু বেশি মনে হচ্ছে।

বিকালে ক্রেতা দেখা গেলেও বৃষ্টির কারণে গরু বিক্রি করা সম্ভব হয়নি। গরুর মালিক জানান, সকালে ক্রেতা না থাকলেও দুপুরে পর থেকে ক্রেতা আসলো বিক্রির সময় বৃষ্টি এসে বাজার নষ্ট করে দেয়। যা আমাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

হাটে উন্নত জাতের গরুর পাশাপাশি দেশি গরুর চাহিদাও বেশ দেখা গেছে। অনেকেই পরিবারের সামর্থ্য অনুযায়ী পছন্দের পশু কিনতে হাটে ঘুরে ঘুরে দেখছেন। বিক্রেতারাও আশাবাদী, ঈদ যত ঘনিয়ে আসবে, বেচাকেনা আরও বাড়বে।

স্থানীয়দের মতে, বাবুরহাটের গরুর হাট বহু বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী হওয়ায় প্রতি বছরই এখানে ব্যাপক জমজমাট পরিবেশ সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বাজার পরিচালক মোঃ ফরহাদ মাল বলেন, আমাদের হাটে অনেক গরু উঠেছে। কিন্তু প্রথমে বেছা কম হলে বেলা বাড়ার সাথে সাথে গরু বিক্রি বাড়ছে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ক্রেতারা চলে গেছে। যার কারণে গরু ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। আমাদের এই হাট আগামী মঙ্গলবার চলবে। গরু ক্রেতারা ও বিক্রেতা সবাই চলে আসবেন।

Loading

শেয়ার করুন: