ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম ও রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই নারীর স্বামীই প্রবাসে কর্মরত রয়েছেন।
নিহতরা হলেন-চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২২) এবং রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামের সৌদি প্রবাসী মেহেরাজ হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফারজানা আক্তার নিজ ঘরের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অপরদিকে, আকলিমা আক্তার তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সকালে পরিবারের সদস্যরা বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
স্থানীয়দের দাবি, প্রায় ১৫ মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
![]()