যমুনা রোডে কিশোর খুনের বিচারের দাবিতে মরদেহ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

 

 

মেঘনা বার্তা ডেস্ক

চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশের লাঠির আঘাতে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী বিচারের দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়কে নেমে বিক্ষোভ করেছেন।

বুধবার (৩ জুন) বেলা ১১টায় শহরের বিভিন্ন স্থানে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহত ইয়াছিন স্থানীয় যমুনা রোড এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত কিশোর মুসা প্রধানিয়া একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই অভিযুক্ত মুসা পলাতক রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার (২ জুন) সকালে এলাকার একটি গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়ার সঙ্গে একই এলাকার মো. মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা উত্তেজিত হয়ে মেহেদীকে মারধর শুরু করে। ওই সময় ইয়াছিন ঘটনাস্থলে এগিয়ে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে মুসা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, মূলত কিশোর হত্যার বিচারের দাবিতেই বিক্ষুব্ধ কিছু মানুষ সড়কে নেমে বিক্ষোভ করেছিলেন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Loading

শেয়ার করুন: