মতলব প্রতিনিধি
চাঁদপুর মতরবে উত্তরে এসএসসি পরীক্ষার চারটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া দুই হাজার ৭শ’ ৬২ পরীক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করার অভিযোগ উঠেছে কেন্দ্র সচিব ও শিক্ষকদের বিরুদ্ধে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, ব্যবহারিক পরীক্ষায় চারটি বিষয়ে ৩০০ করে টাকা প্রত্যেক পরীক্ষার্থী না দিলে নম্বর কম দেওয়া হবে এবং এতে পরীক্ষায় ভালো ফল থেকে তারা বঞ্চিত হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন বিদ্যালয়ে শিক্ষক ও কেন্দ্র সচিব। ফলে বাধ্য হয়ে ২ হাজার ৭৬২ পরীক্ষার্থীর সবাই ৩০০ টাকা করে দিতে বাধ্য হয়েছে।
সূত্রে জানা যায়, উপজেলা এসএসসি পরীক্ষা সাতটি কেন্দ্রের সচিবের বিরুদ্ধে চারটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অনিয়ম অর্থ আদায় করার অভিযোগ উঠেছে।
এদিকে উপজেলার পাচআনী উচ্চ বিদ্যাল ও মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাধিক পরীক্ষার্থীরা জানান, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মন্টু কুমার মন্ডলের নির্দেশে ব্যবহারিক পরীক্ষার তাদের কাছে চারটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা বাবদ ওই টাকা জোর করে নেওয়া হয়েছে।
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মন্টু কুমার মন্ডল জানান, পরীক্ষার্থীরা খুশি হয়ে শিক্ষকদেরকে টাকা দিয়েছে। এখন যদি তারা অভিযোগ তুলে তাদের টাকা ফেরত দেওয়া হবে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা টাকা এর অর্ধেক প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব, বাকি টাকা সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষকরা নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ব্যবহারিক পরীক্ষায় কোন ধরনে অর্থ নেওয়া সম্পূর্ণভাবে নিষেধ। যারা অবৈধভাবে অর্থ আদায় করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()