হাইমচর অফিস :
চাঁদপুরের হাইমচর উপজেলায় কৃষি উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় চরপোড়ামুখী খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার দক্ষিণ চরভাঙ্গা দেওয়ান বাড়ি হতে চরপোড়ামুখী রহিম মাস্টারের বাড়ি পর্যন্ত এই খাল খনন কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “হাইমচর এলাকায় মোট ১৩টি খাল রয়েছে। এর মধ্যে ১২টি পানি উন্নয়ন বোর্ডের এবং ১টি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে। বর্তমান বর্ষাকাল শেষ হলেই আগামী বছরের মধ্যে আমরা এলাকার সবকটি খাল খনন সম্পন্ন করব।”
কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, এই খাল খননের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আর আমাদের কৃষকরা উপকৃত হওয়া মানেই জাতীয়ভাবে দেশের উপকার হওয়া। কৃষি ফলন যত বাড়বে, কৃষকের লাভও তত বেশি হবে।”
পরিবেশ রক্ষায় খালের মধ্যে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে এমপি মানিক বলেন, খালের সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় এর দুই পাশে ব্যাপক হারে গাছ লাগানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জনগণের কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি। তিনি মাটি ও মানুষের নেতা।”
খালের উত্তোলিত মাটি প্রসঙ্গে তিনি আরও জানান, সরকার প্রধানের নিয়মানুযায়ী খাল খননের পর অতিরিক্ত মাটি থাকলে স্থানীয়রা তা উপজেলা প্রশাসন থেকে কিনে নিতে পারবেন। তবে প্রথমে রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ সম্পন্ন করা হবে, এরপর অতিরিক্ত মাটি থাকলে তা বিক্রির ব্যবস্থা করা হবে।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক,উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার,উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খাঁন, সহ সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ন সম্পাদক হারুনুর রশিদ গাজী, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন আখন, কুদ্দুস মেহনতি, সহ হাইমচর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
![]()