ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল আলমের বদলি

 

ফরিদগঞ্জ প্রতিনিধি :

গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার এবং সর্বশেষ সহকর্মীদের তোপের মুখে পড়ে অবশেষে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) হলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের বিতর্কিত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সাইফুল আলম।

সোমবার (২৯ জুন) বিকেলে তাঁর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন জোনাল অফিসের এজিএম (কম) নাজির উল্লাহ। নতুন ডিজিএম পদায়ন না হওয়া পর্যন্ত সদর-কারিগরী বিভাগের ডিএইচএম প্রকৌশলী ইউনুস আলী অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

জানায়, ডিজিএম সাইফুল আলমমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমেও আপত্তিকর কথা ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় পার হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় অফিসের ভেতরে ও বাইরে তীব্র অসন্তোষ তৈরি হয়। তাঁর একক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে অতিষ্ঠ ছিলেন খোদ অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও।

সর্বশেষ গত রোববার (২৮ জুন) ধানুয়া এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ও পূর্ব নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হন অন্তত ২০-২৫ জন বিদ্যুৎ কর্মী। সহকর্মীদের এই বিপদে ফেলার পেছনে ডিজিএম-এর হঠকারী সিদ্ধান্তকেদায়ী করে সেদিন দুপুরেই তাঁকে তাঁর নিজ কক্ষে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় “এক দফা এক দাবি, ডিজিএম-এর অপসারণ” স্লোগানে উত্তাল হয়ে ওঠে পল্লী বিদ্যুৎ অফিস।

খবর পেয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আতিকুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। তিনি বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করতেঅভিযুক্ত ডিজিএম-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে রাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাইফুল আলমকে বদলির আদেশ প্রদান করেন।

এ বিষয়ে জিএম মো. আতিকুজ্জামান চৌধুরী জানান, “কর্মীদের দাবির মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ডিজিএম সাইফুল আলমকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর স্থলে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জোনাল অফিসের এজিএম নাজির উল্লাহ জানান, ‘মো. সাইফুল আলম বদলি হওয়ার পর বর্তমানে নতুন ডিজিএম না আসা পর্যন্ত প্রকৌশলী ইউনুস আলী দায়িত্ব পালন করছেন। বিতর্কিত এই কর্মকর্তার বিদায়ে অফিসের কর্মী ও সাধারণ গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।’

Loading

শেয়ার করুন: