দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত -১২

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট পুলিশ লাইন্সের সামনে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেলে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল ৩টা ৪০ মিনিটে ঘটা এই দুর্ঘটনায় উভয় অটোরিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় পেছনে অন্য কোনো দ্রুতগামী যান না থাকায় এক অলৌকিক মহিমায় বড়ো ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহামায়া থেকে বাবুরহাট হয়ে চাঁদপুরগামী একটি সিএনজি অটোরিকশার সাথে চাঁদপুর থেকে মতলবগামী অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে, দুটি গাড়িরই সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। আর দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দুটি সড়কের দু পাশে ছিটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অতিরিক্ত গতি এবং ওভারটেক করার বেপরোয়া প্রতিযোগিতাই এই দুর্ঘটনার মূল কারণ। চালকদের এই খামখেয়ালিপনার জন্যেই এই দুর্ঘটনা। পেছনে বড়ো কোনো বাস বা ট্রাক ছিলো না–এতেই রক্ষা।

দুর্ঘটনার পরপরই বাবুরহাট পুলিশ লাইন্সের একদল সদস্য দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে আঞ্চলিক মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেন এবং যান চলাচল স্বাভাবিক রাখেন। পরবর্তীতে চাঁদপুর সদর থানা থেকেও পুলিশের একটি দল এসে উদ্ধারকার্যে যোগ দেয়।

আহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় জনতাও। সাধারণ যাত্রীদের অনেককে বাবুরহাটে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, গুরুতর আহত বেশ ক’জনকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আশঙ্কাজনক অবস্থায় থাকা দুজনসহ বেশ ক’জন যাত্রী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Loading

শেয়ার করুন: