সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চাঁদপুর জেলাব্যাপী একযোগে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শনিবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়।
চাঁদপুর সদর ওয়ারলেস মোড়ে অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নিজেই। বাস স্ট্যান্ড মোড়ে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর। বাবুরহাট মোড়ে অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান।
এছাড়া জেলার সকল থানা এলাকার প্রধান সড়কগুলোতে সংশ্লিষ্ট ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে একযোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা, জরিমানা এবং সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।
![]()