নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ত্রিনদীর মোহনায় উত্তাল মেঘনার ঘূর্ণিস্রোতে একটি কার্গো উল্টে ডুবে গেছে। এতে কার্গোতে থাকা প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ত্রিনদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
কার্গোর চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গোটি পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে তীব্র ঘূর্ণিস্রোতে হেলে পড়ে। এ সময় কার্গোতে থাকা ৫ থেকে ৬ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে হেলে পড়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভিড়ানোর চেষ্টা করা হলেও সেটি ডুবে যায়।
চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ১০ থেকে ১২ জন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান,কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। বুধবার সকাল থেকেও চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নাই। চাল ও ধানের কিছু বস্তা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।
![]()