গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে  : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, চলমান কয়েকটি সংকটের কারণে দেশের নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

তিনি বলেন, কর্মসংস্থানের অভাব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, অতিরিক্ত লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহর দাবি, সরকার দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে বেকারত্বের সমস্যা আগের মতোই রয়ে গেছে।

তিনি আরও বলেন, সরকার ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। কিন্তু দাম বৃদ্ধির পরও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং লোডশেডিং এখনো অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য সরকার যে কমিটি গঠন করেছে, সেটিকে তিনি “আলংকারিক উদ্যোগ” বলে মন্তব্য করেন। তার অভিযোগ, ওই কমিটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে এবং কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, যদিও তার দাবি অনুযায়ী প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। ফলাফল প্রকাশের পর সরকার প্রকৃত ফলাফল প্রতিফলিত করেনি। তার ভাষায়, অতীতের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ অন্যান্য জেলা প্লাবিত হওয়ার কারণে আমরা আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিব।

পথ সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনি-সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পথসভাসহ কর্মসূচিতে জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

Loading

শেয়ার করুন: