ফরিদগঞ্জে কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমানকে সংবর্ধনা

 

ফরিদগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমানকে তাঁর নিজ উপজেলা ফরিদগঞ্জে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে কয়েকশ মোটরসাইকেলের বহর ও নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি এলাকায় প্রবেশ করেন। এই সংবর্ধনা অনুষ্ঠান এক পর্যায়ে বিশাল জনসমাবেশে রূপ নেয়।

জানা যায়, কেন্দ্রীয় এই নেতাকে বরণ করে নিতে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বাগাদী চৌরাস্তায় জমায়েত হন কয়েকশ নেতাকর্মী। সেখান থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে ফরিদগঞ্জে নিয়ে আসা হয়। পথিমধ্যে ভাটিয়ালপুর, ফরিদগঞ্জ বাজার, গৃদকালিন্দিয়া ও কালির বাজারসহ বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এলাকায় পৌঁছে তিনি তাঁর পারিবারিক কবরস্থানে গিয়ে পিতা ও পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন।

সংবর্ধনার জবাবে তারেকুর রহমান বলেন, “আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। শ্রদ্ধা জানাচ্ছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “যুবদল জাতীয়তাবাদের অন্যতম ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের অবসানের পর দেশের মানুষ এখন গণতন্ত্রের সুফল পেতে মুখিয়ে আছে। আমাদের প্রতিটি নেতাকর্মীকে দেশ ও দলের প্রতি দায়বদ্ধ থেকে এবং জনগণের সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে।” ফরিদগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ফরিদগঞ্জের সন্তান হিসেবে এই জনপদের উন্নয়ন এবং সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতায় আমি সর্বোচ্চ ভূমিকা রাখব। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে ফরিদগঞ্জকে একটি আদর্শ জনপদে রূপান্তর করা সম্ভব।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, ফারুক খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, শাওন পাঠান, পৌর যুবদল নেতা কৃষ্ণ কমল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা মাহিন আহমেদ, মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু, পাইকপাড়া উত্তর ইউনিয়ন যুবদল নেতা টিটু তপদার, ছাত্রদল সাধারণ সম্পাদক রাশেদ খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী।

দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Loading

শেয়ার করুন: