নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের আরেক আরোহীসহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ র্ঘটনা ঘটে।
নিহত জুম্মান উপজেলার বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছেলে এবং এ বছর উপজেলার চরপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল। আহতরা হলেন, মোটরসাইকেলের আরেক আরোহী তাহসীন (১৬) ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লিলু বেগমসহ মোট ৪ জন ।
অটোরিকশার আহত যাত্রী লিলু বেগম জানান, “আমরা অটোরিকশাযোগে ফরিদগঞ্জ সদরের দিকে যাচ্ছিলাম। বড়ালী স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে আমাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমরা নিচে পড়ে গিয়ে আহত হই এবং মোটরসাইকেল চালক মেহরাজ ঘটনাস্থলেই মারাত্মকভাবে আঘাত পেয়ে মারা যায়।”
বড়ালী এলাকার আবুল কালাম জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনাস্থল থেকে মোট ৫ জনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, “জুম্মান খুব মেধাবী ছাত্র ছিল। সে এবার দাখিল পরীক্ষা দিচ্ছে। তাকে নিয়ে পরিবারের কত শত স্বপ্ন ছিল, কিন্তু একটি নিমিষের সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন চিরতরে নিভিয়ে দিল।”
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৫ জন এসেছিলেন। তাদের মধ্যে ১ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ হাসাপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()