চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-ডাম্পট্রাক সংঘর্ষ, নিহত ৩

মো. মহিউদ্দীন
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবাহী ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচো পাটোয়ারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আল-আরাফা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে যান দুটি দুমড়ে মুচড়ে যায় । সংঘর্ষের পর ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, নিহতের সংখ্যা অন্তত ৩ থেকে ৪ জন এবং উদ্ধারকাজ শেষ হলে এ সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতদের মরদেহও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছেন। দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা এবং পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনার কারণ ও হতাহতের প্রকৃত সংখ্যা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

Loading

শেয়ার করুন: