বিশ্বকাপের আমেজে ফরিদগঞ্জে প্রিমিয়ার সিমেন্টের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

কেএম নজরুল ইসলাম :
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষ হলেও তার রেশ যেন এখনও কাটেনি। সেই উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে ফরিদগঞ্জে জমজমাট এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে প্রিমিয়ার সিমেন্ট।
 বুধবার ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ। এতে মুখোমুখি হয় প্রিমিয়ার সিমেন্টের দুই শক্তিশালী রিটেইলার দল—ফরিদগঞ্জ উপজেলা টিম এবং চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সমন্বয়ে গঠিত টিম।
সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে দেশ ও সমাজের অর্থনীতিতে অবদান রাখা এই কর্মজীবী মানুষগুলো এদিন মেতে ওঠেন ফুটবলের আনন্দে। মাঠে তাদের অনেকের অসাধারণ ফুটবল নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপস্থিত দর্শকদেরও মুগ্ধ করে।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই। একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই নির্ধারিত সময়ে বল জালে জড়াতে পারেনি। ফলে গোলশূন্য ড্রতেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
এরপর ম্যাচের ফল নির্ধারণে গড়ায় উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪-১ গোলে জয় তুলে নেয় ফরিদগঞ্জ উপজেলা রিটেইলার টিম।
জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে পুরো আয়োজনজুড়েই ছিল সৌহার্দ্য, আনন্দ ও উৎসবের আবহ। খেলোয়াড়দের পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকরাও উপভোগ করেন প্রাণবন্ত এই ফুটবল ম্যাচ।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার মো. আল আমিন, কবি ও লেখক কেএম নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রিমিয়ার সিমেন্টের পক্ষ থেকেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চাঁদপুর এরিয়া ইনচার্জ মো. কামরুল হাসান, চাঁদপুর সদর উপজেলার এক্সিকিউটিভ মো. সামজাদ হোসেন, হাইমচর উপজেলার এক্সিকিউটিভ তানভীর ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ মো. সাঈদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রবিউল পারভেজ ও ডিলার আবদুর রহিম মিয়াজি।
ম্যাচে দুর্দান্ত রেফারির দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জের দক্ষ ক্রীড়াবিদ জিয়াউর রহমান জিয়া।
সবশেষে হাসি-আনন্দ আর ফুটবলের উচ্ছ্বাসকে সঙ্গী করে মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়েরা। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি ভুলিয়ে প্রিমিয়ার সিমেন্টের এ আয়োজন পরিণত হয় মিলনমেলা ও সৌহার্দ্যের এক আনন্দঘন উৎসবে।

Loading

শেয়ার করুন: