সাবেক মন্ত্রী দীপু মনির স্বামীর ইন্তেকাল ,  ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন আজ

 

নিজস্ব প্রতিনিধি :

সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়েছে।

জানা গেছে , রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ।

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে তার প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে ডা. দীপু মনির মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে গিয়েছিলেন।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল বলেন, আমরা চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মঞ্জুর করা হয়ছে। আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি মুক্তি পাচ্ছেন।

তিনি আরও বলেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে যাবেন দীপু মনি। সেখানে মরহুমের মরদেহ থাকবে। সেই বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে মরদেহ বনানি কবরস্থানে দাফনের কথা রয়েছে।

মরহুম তৌফিক নেওয়াজ ১৯৮০ সালে মিশিগান বিশ্ববিদ্যালয়ের সাথে দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার প্রকাশ করেন। ওয়াধাম কলেজ, অক্সফোর্ডে পড়ার সময় তিনি কামাল হোসেনের একজন গবেষণা সহযোগী ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সালে নওয়াজ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একজন সম্মানিত পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মানবাধিকার প্রকল্পের সমন্বয়কারী ছিলেন।

Loading

শেয়ার করুন: