শাহরাস্তিতে মাদকবিরোধী র‌্যালি ও সভা

 

 

মো. মহিউদ্দীন :

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) গৌতম চন্দ্র হালদারসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

Loading

শেয়ার করুন: