চাঁদপুরে ৫৭১জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা

 

মাসুদ রানা :

চাঁদপুরে সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুর জেলা শিক্ষা অফিস।

শনিবার (১২ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ,জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জিয়াউল হিকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, চাঁদপুর জেলায় এসএসসি ও সম্মান পরীক্ষায় ১২২৪ জন জিপিএ ৫ পেয়েছে। আজকের সংবর্ধনা অনুষ্ঠানে ৫৫৫ জন উপস্থিত রয়েছে। শিক্ষার্থীদের বলছি, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এর পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতি ও ধর্ম চর্চা থাকতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। লেখাপড়ার জন্য চাঁদপুর হবে ওয়ান স্টপ সার্ভিস।

এ ছাড়াও চাঁদপুরে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সহসাই এটি চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। এক সপ্তাহের মধ্যে মেডিকেল কলেজের জায়গা অধিগ্রহণের কাজ সম্পন্ন হচ্ছে। ইনশাআল্লাহ দুই বছর পর তোমরাও মেডিকেল কলেজ এবং চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সুযোগ পাবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকেও একদিন চাঁদপুরের উন্নয়নে, শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, স্কুল ও কলেজে পড়ালেখার গুনগত মান আরো উন্নত করতে হবে। প্রধানমন্ত্রী চান, তোমরা দেশ পরিবর্তনে অংশ নাও। সুন্দর চাঁদপুর বিনিমানে ভূমিকা রাখো।

এমপি বলেন, দুই/ তিন বছরের মধ্যে সরকারের কাজগুলো দৃশ্যমান হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি তোমাদেরও ভূমিকা রাখতে হবে। মাদকের বিষয়ে তোমরা ৯৯৯ নাইনে ফোন দিবে। প্রয়োজনে ছবি ভিডিও করে পাঠিয়ে দিবে। আমি চাই মাদক চাঁদপুরে থাকবেন। কিশোর গ্যাং, সন্ত্রাস, ভূমি দখলদারদেরও চাঁদপুরে জায়গা হবে না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম ধাপে ৫০ জন গরীব মেধাবীর সহায়তা করা হবে। লেখাপড়া বন্ধ করা যাবে না। একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণে সকলের সহযোগিতার প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সরকার কাজ করছে। সকলে মশারির নিচে ঘুমাবেন। বাড়ির চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রশাসনের অনুমতি ছাড়া বালু কাটা বা ভরাট করা যাবে না। প্রয়োজনে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা নেবেন। আগামী এক সপ্তাহের মধ্যে ২টি করে শিক্ষার্থীরা গাছ লাগেবে, এই ছবি আমাদেরকে পাঠাবে, আমরা আর্কাইভে রাখবো।

বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন,তোমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। তোমরা নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করলে তোমরা তোমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবে। ক্লাসের তুলনা হয় না। প্রাইভেট এর উসিলায় ক্লাস বর্জন করা যাবে না। মোবাইলকে শিক্ষা কাজে ছাড়া ব্যবহার করা যাবে না। ফেসবুক মেসেঞ্জারে থাকলে জীবনকে পিছিয়ে ফেলবে। এগুলো বর্জন করলে আমি আশা করি তুমি ভালো ফলাফল করবে। তোমাদের আগ্রহই তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দিবে।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষক স্বপ্নদ্রষ্টা। শিক্ষকদের মেধাশূন্য হওয়া যাবে না। একজন শিক্ষককে স্মার্ট শিক্ষক হতে হবে। শিক্ষকরা আন্তরিকতার সাথে ক্লাস নিলে শতভাগ উপস্থিতি হবে এটা আমি বিশ্বাস করি। আপনাদের আন্তরিকতায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করবেই।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, চান্দ্রা ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক এটি এম মোস্তফা, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইসলাম, হাইমচর বাজাপ্তি রমণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জোছনা আক্তার মমতাজ, রতন কুমার বাইন ও রাশেদুল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাল করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল মাইশা, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম আফরান খান, চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের মেহজাবিন ইসলাম, চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের তাজবীর বিন হান্নান, নীলকমল মাদ্রাসার শিক্ষার্থী ফারিহা ও হাইমচর চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন ইসলাম।

সুধীজনের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, আমিন উল্যা বেপারী, ডি এম শাহাজাহান, অ্যাড. এ টি এম মোস্তফা কামাল, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, মোশাররফ হোস, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুন উর রশিদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, মো. আফজাল হোসেন বেপারী, অ্যাড. মুনিরা বেগম চৌধুরী, মাজহারুল ইসলাম সফিক, শাহাজালাল মিশন, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, অ্যাড. সামছুল আলম মন্টু, দফতর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর বেগম, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর জাকির হোসেন, সদস্য মাহবুবুর রহমান শাহীন, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যা খোকন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসীম উদ্দিন পাটোয়ারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরীন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।

শেয়ার করুন: