হাইমচর অফিস:
চাঁদপুরের হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন মাদক কারবারি ও ২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার (১৩ সেপ্টেম্বর) খ্রিষ্টাব্দে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মাদক মামলায় ৫ জন, গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে ২ জন, নিয়মিত মামলার (ছুরিকাঘাতের ঘটনা) ১ জন এবং ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ২ জনকে আটক করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন—নোয়াখালীর কবিরহাট উপজেলার রামবল্লবপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আব্দুল হক সুজন (২৮, বর্তমানে হাইমচরের চরভাঙ্গা এলাকার বাসিন্দা), হাইমচরের চরভাঙ্গা এলাকার মৃত হায়দার আলী শেখের ছেলে মো. ইমান হোসেন শেখ (৩৫), দক্ষিণ চরভৈরবী এলাকার মৃত নুর ইসলাম খাঁর ছেলে মো. সাইজ উদ্দিন (৪০), মহজমপুর গ্রামের মৃত মমতাজ গাজীর ছেলে মো. হাসান গাজী (২৪) এবং ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের মৃত শফি আলম ভূইয়ার ছেলে মো. মাসুদ ভূইয়া (৫০)।
এছাড়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন হাইমচর উপজেলার লামছড়ি গ্রামের মৃত দাদন পাটোয়ারীর ছেলে মো. আল আমিন পাটোয়ারী এবং দক্ষিণ আলগী এলাকার মো. আলী হোসেনের মেয়ে মোনালিসা আক্তার। নিয়মিত মামলার (ছুরিকাঘাত) আসামি হিসেবে চরভাঙ্গা গ্রামের সোলেমান পাটোয়ারীর ছেলে মো. রায়হানকে (২৩) এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা অনুযায়ী দক্ষিণ আলগী এলাকার নজির আহম্মেদ বেপারীর ছেলে সাকিল বেপারী (২২) ও চরপোড়ামুখি গ্রামের মৃত আঃ আজিজ গাজীর ছেলে কাদির গাজীকে (৫২) গ্রেফতার করা হয়।
হাইমচর থানা সূত্রে জানা যায়, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত ১০ জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে হাইমচর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।