কেএম নজরুল ইসলাম :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রুবেল ভূঁইয়া (৩২) নামে চাঁদপুরের এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর ভূঁইয়া বাড়ির মৃত নূর মোহাম্মদ ভূঁইয়ার ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর রুবেলকে ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার শারীরিক অবস্থার অবনতি হলে উত্তরা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ১৭ সেপ্টেম্বর সকালে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত রুবেল কিডনি ও লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রুবেলের বন্ধু মহিম মোহাম্মদ উদ্দিন বলেন, “মাত্র কয়েক দিনের জ্বর যে এভাবে একজনের প্রাণ কেড়ে নেবে, তা ভাবতেও পারিনি। আমরা আমাদের প্রিয় বন্ধুকে হারিয়েছি। তার চিকিৎসার জন্য কিছু করতে চেয়েছি। কিন্তু আর করা হলো না। তার আগেই সব শেষ। আর কোনো পরিবার যেন এমন শোকের মুখোমুখি না হয়।”