স্টাফ রিপোর্টার :
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন এবং সেই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের সংবাদ সংগ্রহে মার্কিন যুক্তরাষ্ট্র গেছেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাভিশনের চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা।
তিনি গত রোববার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হন। আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রাবিরতির পর সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।
সাংবাদিক রহিম বাদশা জানান, নিউইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে গত ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। তবে ২২ সেপ্টেম্বর থেকে অধিবেশনের মূল পর্ব তথা উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছার কথা রয়েছে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে ভাষণ দিবেন। পাশাপাশি প্রতি বছরের মতো এ বছরও সাধারণ বিতর্ক পর্ব চলাকালীন বেশ কিছু উচ্চ পর্যায়ের সভা এবং বেশ কয়েকটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক বা আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (ইউএনজিএ৮১) এবারের প্রতিপাদ্য হলো- “আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা : সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ”। বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জলবায়ু পরিবর্তনের মতো সংকটগুলোর মুখে বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং একটি অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গড়ে তোলার লক্ষ্যেই এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এই অধিবেশনে যোগ দিতে জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে বিশ্বের ১৯৩টি দেশের নেতারা নিউইয়র্কে সমবেত হচ্ছেন। জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের নির্বাচিত সভাপতিও।
সাংবাদিক রহিম বাদশা এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনও কভার করেছিলেন জাতিসংঘের মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড পেয়ে। এছাড়া গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে রাষ্ট্রীয় সফরে ২০১৬ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশসমূহের জোট জি-৭ সম্মেলনে যোগদান করেন তিনি। এরপর ২০১৮ সালে কানাডায় অনুষ্ঠিত একই জোটের আরেকটি সম্মেলনে যোগদান করেন।
এর বাইরে সাংবাদিক হিসেবে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো সম্মেলন এবং বিশ্ব জলবায়ু সম্মেলন, ২০১৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি’র শীর্ষ সম্মেলনে যোগদানের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। এছাড়া পেশাগত ও ব্যক্তিগত কাজে ইতিপূর্বে তিনি সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ভুটান ও নেপাল সফর করেছেন।
সাংবাদিক রহিম বাদশা চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটির সভাপতি এবং ২০১৫ ও ২০২১ সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। চাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
চাঁদপুর প্রবাহে যোগদানের পূর্বে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠ, দৈনিক চাঁদপুর দর্পণ, সাপ্তাহিক চাঁদপুর সংবাদ, সাপ্তাহিক চাঁদপুর, সাপ্তাহিক সুদীপ্ত চাঁদপুর, সাপ্তাহিক আমাদের অঙ্গীকার এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকা, দৈনিক আমাদের সময়, দৈনিক আমার দেশ, দৈনিক আমাদের অর্থনীতি, শীর্ষনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সাংবাদিকতার উপর দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের বহু প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি। পিআইবি আয়োজিত সাংবাদিক প্রশিক্ষক প্রশিক্ষণও (টিওটি) সম্পন্ন করেছেন তিনি। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী রহিম বাদশা ১৯৯৭ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত। তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডপ্রাপ্ত সাংবাদিক তিনি।
এক প্রতিক্রিয়ায় সাংবাদিক রহিম বাদশা বলেন, দ্বিতীয় বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহের সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। জাতিসংঘের মিডিয়া অ্যাক্রিডিটেশন নিবন্ধন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তিসহ সফরের বিভিন্ন কার্যক্রমে যাদের সহযোগিতা পেয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে দৈনিক চাঁদপুর প্রবাহ কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে অ্যাসাইনমেন্ট প্রদানের জন্য। সংবাদ সংগ্রহ ও পরিবেশন এবং সুস্থভাবে দেশে ফিরে আসার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।