নিজস্ব প্রতিনিধি :
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রবোটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদক(গোল্ড মেডেল) অর্জন করে প্রথম স্থান লাভ করেছে চাঁদপুরের দুই শিক্ষার্থী। বুধবার (২৩ সেপ্টম্বর) সকালে প্রতিযোগিতার সমাপনী দিনে তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির ভাইস- চ্যান্সলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. শ্রী কুমার চক্রবর্তী।
দুই শিক্ষার্থী হচ্ছেন,চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মোঃ সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ।
স্কুলের সূত্রে জানা গেছে, ১০থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ায় পেটালিং জায়া এ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ২৩ টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩টি দল গোল্ড মেডেল লাভ করে ও তারা দু’জন আইটি এন্ড রোবটিক্স ক্যাটাগরীতে ডঅখখ-ঊ ঢ়ৎড়লবপঃ এর জন্য প্রথম স্থান অর্জন করেছে।
স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শের মা প্রভাষক বদরুন নাহার লরিন বলেন, আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী এ খবর শুনে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন । এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়, এটি বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়।
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাবেক সচিব মোঃ জাকির হোসেন কামাল ও প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস জানান , আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা এই দুই শিক্ষার্থীর সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে আমরা তাদের এমন উদ্ভাবনী কর্মকান্ডে পাশে থাকবো ও সহযোগিতা করে যাবো।