স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদের মেয়ে ও রেলওয়ে আক্কাস আলী একাডেমীর সিনিয়র শিক্ষক ফেরদৌসী সুলতানা শম্পার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
মরহুমার জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ আছর চাঁদপুর বাসস্ট্যান্ডের গৌর-এ-গরীবা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।।জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মাও. খোরশেদ ইসলাম। পরে তাঁকে পারিবারিক পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, রেলওয়ে আক্কাস আলী একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন এবং মরহুমার মামা বিশিষ্ট সাংবাদিক কাজী রাশেদুল হক পাশা।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সহসভাপতি আহসানুজ্জামান সেন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়স্বজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
মৃত্যুকালে ফেরদৌসী সুলতানা শম্পা স্বামী, এক মেয়ে, ছয় ভাই, ছয় বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ এবং জেলা বিএনপির সদস্য ইখতিয়ার উদ্দিন শিশুর বোন।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর জেলা বিএনপি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা সফি উদ্দিন, রেলওয়ে আক্কাস আলী একাডেমীর প্রাক্তন ছাত্র ও সাবেক সচিব (সিজিএ) মো. আবুল কাশেম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোফরান হোসেন এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।