বিষ্ণুপুরে উপজেলা প্রশাসনের ফলদ গাছের চারা রোপণ

 

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর মনোহরখাদী এলাকায় ৩৫০টি ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। উত্তর মনোহরখাদী লায়ন ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অধিবাসী, লায়ন ক্লাবের সদস্য ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত থেকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গাছগুলো বড় হলে এলাকার মানুষ ফল পাবেন, পাশাপাশি পশুপাখি পাবে খাদ্য ও আশ্রয়। তবে শুধু গাছ লাগালেই হবে না, এগুলোকে যত্ন নিয়ে বড় করে তুলতে হবে। আমাদের পরিবেশ সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও প্রতিটি নাগরিকের বেশি বেশি গাছ লাগানো উচিত।”

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার জন্য উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ইউএনও আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে উত্তর মনোহরখাদী লায়ন ক্লাবের সভাপতি কালাম বেপারী উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। কর্মসূচিতে অংশ নেওয়া ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রবাসে অবস্থানরত যেসব প্রবাসী ক্লাবের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন, তাঁদের প্রতিও তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় অধিবাসীরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, ফলদ গাছ রোপণের ফলে ভবিষ্যৎ প্রজন্ম ও প্রকৃতির দীর্ঘমেয়াদি উপকার হবে। কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যার ওপর জোর দেন তারা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাহাত আমিন পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

শেয়ার করুন: