চাঁদপুরে নির্বাচন উপলক্ষে  পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণ  উদ্বোধন

 

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুইদিন মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির ৩য় ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (২৬ সেপ্টেম্বর ) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির ৩য় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রমের প্রথমদিনের সেশন শুরু হয়।

​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্ব পালনের কৌশল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যদের আরও সচেতন ও দক্ষ হতে হবে। তিনি প্রশিক্ষণার্থী সদস্যদের নির্বাচনকালীন অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইন-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে বিস্তারিত বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে জেলা পুলিশের দক্ষতা ও সার্বিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

​অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: