নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার সার ডিলার ও সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল ২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আপনারা সারের ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে করবেন, যাতে কৃষক সহজে সার পেতে পারেন। চাঁদপুরে সারের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কৃষকদের কৃষিজমিতে প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে হবে। কোনোভাবেই যেন সারের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকে নজর রাখতে হবে। তিনি আরও বলেন, ডিলারদের শুধুমাত্র নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে সার বিক্রি করতে হবে।
চাঁদপুরে যে পরিমাণ সার প্রয়োজন, তা মজুত রয়েছে। তাই কৃষকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারেন, তা নিশ্চিত করা হবে। সারের বিষয়ে সরকার খুবই কঠোর।
জেলা প্রশাসন, কৃষি বিভাগ, জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনা নিয়ে মনিটরিং করছে। চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু তাহেরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলছুম মনি, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, চাঁদপুরের এফএসও মোছা. ফারহানা আক্তার, চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাজ্জাদুর রহমান, হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহম্মদ, ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পালসহ বিভিন্ন সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজন।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক মতবিনিময় সভায় বলেন , জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারের যানবাহন খরচও বৃদ্ধি পেয়েছে । সেই সাথে অন্যান্য খরচও বৃদ্ধি পেয়েছে । যার ফলে সরকারি দামে সার বিক্রি কঠিন হয়ে পড়েছে সার ডিলারদের । বিষয়টি আমরা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারকে জানিয়েছে । আমরা চাঁদপুর সার ডিলারগন চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নিবাহী অফিসার মহোদয়গনের সুদৃষ্টি কামনা করছি এবং সহযোগিতা চাচ্ছি ।