মেঘনা বার্তা ডেস্ক :
চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নে সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
( ৪ অক্টোবর) চাঁদপুর বিটি রোডস্থ ঘোলঘর এলাকার জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্মার্টফোন আমাদের মূল্যবান সময় নষ্ট করছে। প্রযুক্তির এই যুগেও বইয়ের কোনো বিকল্প নেই।”
গণগ্রন্থাগার কর্মকর্তা উম্মে রায়হানা ফেরদৌসের উপস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।
অনুষ্ঠানে বক্তারা বিশ্বজুড়ে বইয়ের তুমুল জনপ্রিয়তার উদাহরণ টেনে বলেন, বিশ্বে একদিনে ৮৩ লক্ষ বই বিক্রির এবং একটি বই-ই ৮ কোটি কপি বিক্রির মতো গৌরবময় ইতিহাস রয়েছে। জেলা লাইব্রেরির পাশাপাশি চাঁদপুর সাহিত্য একাডেমি ও জেলায় একাধিক বেসরকারি পাঠাগার গড়ে তোলার ধারণার ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক মুহাম্মাদ ফরিদ হাসান, নুরুন্নাহার মুন্নি, আরিফুল ইসলাম শান্ত, আবু হানিফ এবং আবদুল গনি সহ অনেকে। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং গ্রন্থাগারের নিয়মিত পাঠকবৃন্দ সভায় অংশ নেন।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ফিতা কাটার মাধ্যমে জেলা গণগ্রন্থাগারে নবনির্মিত ‘নজরুল কর্নার’ ও ‘স্থানীয় লেখক কর্নার’-এর শুভ উদ্বোধন করেন।