স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের বিরুদ্ধে দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চাঁদপুর সদর উপজেলা বিএনপি।
রোববার (৪ অক্টোবর) তারিখে দেওয়া ওই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।
নোটিশে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে দলীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও এর আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।
নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।
এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে।