মো. মহিউদ্দীন :
বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেকটাই সার্টিফিকেটনির্ভর। আমরা শুধু জিপিএ-৫ পেলেই খুশি হই। কিন্তু জিপিএ-৫-এর পেছনে ছুটতে গিয়ে কর্মমুখী শিক্ষা গ্রহণের সুযোগ হারাচ্ছি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিছুটা জ্ঞানার্জন হলেও কাঙ্ক্ষিত মানবসম্পদ উন্নয়ন হচ্ছে না। ফলে প্রতিবছর দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আগামীর বাংলাদেশের নেতা। বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা পরিকল্পনায় স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব কমাতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসার জরুরি।
কলেজের উন্নয়ন প্রসঙ্গে এমপি মমিনুল হক বলেন, সূচিপাড়া ডিগ্রি কলেজে দ্বিতীয় একাডেমিক ছয়তলা ভবন নির্মাণ, শিক্ষার্থীদের নামাজের স্থান স্থাপন, ১ হাজার ৮০০ লিটারের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং কলেজের জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আগামী দুই বছরের মধ্যে বর্তমান ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাসে রূপান্তরেরও আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ‘সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মে ২০২৬ সালে শাহরাস্তিতে এসেছিলেন বলেই আমাদের মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ হয়েছে এবং হাসপাতালটি ১৫০ শয্যায় উন্নীত হয়েছে। আগামীতে সুযোগ পেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সূচিপাড়া কলেজে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তিনি না এলে চিতোষী সেতু, খিলা বাজার সেতু ও সূচিপাড়া দ্বিতীয় সেতুর সম্ভাবনা তৈরি হতো না।’
এ ছাড়া উপজেলায় মিনি স্টেডিয়াম, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে প্রতিশ্রুতি পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব উন্নয়ন দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, জেলা বিএনপির উপদেষ্টা আবদুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।