দুর্যোগে আমরা কখনো বিচলিত হব না’ : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

স্টাফ রিপোর্টার
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে বাস্তব ধারণা দিতে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা বলেন, দুর্যোগে আমরা কখনো বিচলিত হব না। দুর্যোগের সময় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অন্যদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। একটি প্রাণও যদি বাঁচানো সম্ভব হয়, তাহলেই এ ধরনের মহড়া আয়োজনের সার্থকতা আসবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান, সদর উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কমান্ডার মন্টু বিশ্বাস এবং চাঁদপুর জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ফয়সাল গাজী বাহার।
এ ছাড়া চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নুর আযম শরীফসহ বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে নিরাপদে থাকতে হবে, সে বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী ধারণা দিতে মহড়া পরিচালনা করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের অফিস সহকারী আল-আমিন, কেশব চন্দ্র দাস ও মো. নাছির আহমদ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়বে এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।
শেয়ার করুন: