স্টাফ রিপোর্টার:
‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’ এবং ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ‘ক্লীন চাঁদপুরের’ উদ্যোগে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ৯টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতা সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হতে হবে। নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
‘ক্লীন চাঁদপুরের’ প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আহমদ ও গীতা থেকে পাঠ করেন হাসান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সৌমিত্র সাহা নিলান্দ্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন এবং হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কর্মসূচিতে হাসান সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।