মো. মহিউদ্দীন
চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে অবস্থান করার সময় স্কুল ড্রেস পরিহিত ১৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার ওয়াকওয়ে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের প্রত্যেকেই স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু বিদ্যালয়ে না গিয়ে তারা ওয়াকওয়ে এলাকায় অবস্থান করছিল। আটক শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন প্রেমিক-প্রেমিকা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া কয়েকজন ছাত্রীকে স্কুল ড্রেসের ওপর বোরকা পরিহিত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি, অভিভাবকদের নজরদারি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে তাদের চলাফেরা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের স্কুল ফাঁকি দিয়ে বিদ্যালয়ের বাইরে অবস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে যায় এবং বিপথগামী না হয়, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের একটি অংশের বিদ্যালয় ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে সময় কাটানোর প্রবণতা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে অভিভাবকদের সন্তানদের দৈনন্দিন কার্যক্রমের খোঁজখবর রাখা, বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের বিষয়ে সচেতন করা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি কঠোরতার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে হবে।