হাইমচর প্রতিনিধি॥
হাইমচর উপজেলাধীন সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেছেন, দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, যারা ছাতদলের সঙ্গে জড়িত, তারা চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হতে পারবেন না। তারা দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করবেন। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী ইউনিটপ্রধানের দায়িত্বে রয়েছেন, তাদের নির্বাচনে অংশ নিতে হলে পদ থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হতে হবে।
তিনি বলেন, ১৭ বছর রাজপথে যাদের দেখেছি, তাদের মধ্য থেকেই প্রার্থী হবে। কে মাদকের বিরুদ্ধে কী কাজ করেছেন, কে কী অন্যায় করেছেন, সেসব বিষয় যাচাই করা হবে। বিভিন্ন দরবার থেকে কে কত টাকা নিয়েছেন, সেই বিষয়গুলোও খতিয়ে দেখা হবে। প্রার্থীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করবেন—আপনি কতটুকু যোগ্য, তা নিজেকেই বিচার করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি মানিক বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ফেলে দেননি। দলীয়ভাবে সবাইকে মূল্যায়ন করা হবে। তবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করে কেউ নির্বাচনে পরাজয়ের কারণ হলে তাকে ছাড় দেওয়া হবে না। হাইমচরে তারেক রহমানের চিন্তা-চেতনা ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।
এ সময় হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।