ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জয়ী  মিঠুকে নাগরিক সংবর্ধনা

মো. মহিউদ্দীন:
জাতীয় পর্যায়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করায় চাঁদপুরের শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের (এসপিএল) পরিচালক সাদ্দাম হোসেন মিঠুকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করায় তাঁকে সংবর্ধনা জানায় সূচীপাড়া এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ বাজারের হারুন টাওয়ারে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’ ও সম্মাননা স্মারক গ্রহণ করেন সাদ্দাম হোসেন মিঠু। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জনের পর সাদ্দাম হোসেন মিঠু প্রধানমন্ত্রী তারেক রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর এ অর্জনে অনুপ্রেরণা, সহযোগিতা ও ভালোবাসা দেওয়ায় শাহরাস্তিবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
সাদ্দাম হোসেন মিঠু শাহরাস্তিতে ক্রিকেটের প্রসার, তরুণ খেলোয়াড়দের বিকাশ এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত শাহরাস্তি ক্রিকেট একাডেমির মাধ্যমে স্থানীয় তরুণেরা ক্রিকেট প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন। বর্তমানে এ একাডেমির বেশ কয়েকজন খেলোয়াড় ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন।
এ ছাড়া তাঁর উদ্যোগে আয়োজিত শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল) স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। এ প্রতিযোগিতায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন এবং সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতি লিগটির আকর্ষণ বাড়িয়ে দেয়।
ক্রিকেটকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং মাদকবিরোধী সামাজিক আন্দোলনের হাতিয়ার হিসেবেও বেছে নিয়েছেন সাদ্দাম হোসেন মিঠু। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর এ উদ্যোগ শাহরাস্তির তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, সাদ্দাম হোসেন মিঠুর এ জাতীয় স্বীকৃতি শাহরাস্তির ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। তাঁর এ অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
শেয়ার করুন: