চাঁদপুরে শিল্পাঞ্চল হলে নতুন বিনিয়োগ ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: আইবিসি চেয়ারম্যান আশিক চৌধুরী

 

হাইমচর প্রতিনিধি :

চাঁদপুরের হাইমচরে অর্থনৈতিক অঞ্চলের জন্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
শনিবার দুপুরে তাঁর নেতৃত্বে প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে চরটির ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা এবং শিল্পকারখানা স্থাপনের সম্ভাব্যতা পর্যালোচনা করেন তিনি। এ সময় স্যাবাদিকদের তিনি বলেন, চাঁদপুরে শিল্পাঞ্চল হলে নতুন বিনিয়োগ, শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াবে। ফলে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে।

তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে শুধু শিল্পকারখানাই গড়ে উঠবে না, বদলে যাবে পুরো চরাঞ্চলের আর্থসামাজিক বাস্তবতা। কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে স্থানীয় মানুষের জীবিকার জন্য অন্যত্র ছুটে যাওয়ার প্রবণতাও কমে আসবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা,হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

 

 

চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরের হাইমচরের ঈশানবালা চর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য সম্ভাবনাময় একটি এলাকা। এখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হলে চাঁদপুরসহ আশপাশের অঞ্চলে শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হবে। বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং দীর্ঘদিনের অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। আমরা এ উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী। তাঁর মতে, এ অঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।

শেয়ার করুন: