নিজস্ব প্রতিনিধি
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্বরোচিত বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ শহীদ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমদের ২১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিচার বিভাগ, চাঁদপুরের আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) শরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) কামাল হোসেনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকরা।
স্মরণসভায় শহীদ দুই বিচারকের কর্মজীবন, আত্মত্যাগ ও বিচার বিভাগের প্রতি তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে সরকারি মাইক্রোবাসে বোমা হামলার শিকার হন দুই বিচারক। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা তাঁদের বহনকারী মাইক্রোবাস লক্ষ্য করে শক্তিশালী বোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই সিনিয়র সহকারী জজ সোহেল আহমদ নিহত হন। গুরুতর আহত জগন্নাথ পাঁড়েকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই হামলায় আদালতের কর্মচারী ও পথচারীসহ আরও কয়েকজন আহত হন।